কারিনা কায়সারের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি: আসিফ মাহমুদ
কারিনা কায়সারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।   ফাইল ছবি

জুলাইযোদ্ধা, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৬ মে) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন। এসময় তিনি কারিনা কায়সারকে ‘গণঅভ্যুত্থানের সহযোদ্ধা’ মন্তব্য করে তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় তার সক্রিয় অংশগ্রহণ এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে তার দৃঢ় অবস্থান আমাদের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি কেবল একজন সংস্কৃতিকর্মীই ছিলেন না, বরং অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান গ্রহণকারী এক সাহসী কণ্ঠস্বর ছিলেন। কঠিন ও দমনমূলক সময়েও তিনি গণমানুষের পক্ষে অবস্থান নিয়ে সাংস্কৃতিক প্রতিরোধকে আন্দোলনের শক্তিশালী অংশে পরিণত করতে অবদান রেখেছেন।’

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘তার সাহস, প্রতিশ্রুতি এবং সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার অকাল মৃত্যু আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, সংস্কৃতি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য এক অপূরণীয় ক্ষতি।’

পরিশেষে আসিফ মাহমুদ কারিনা কায়সারের রুহের মাগফিরাত কামনা করে বলেন, ‘আমি মহান আল্লাহর কাছে তার রূহের মাগফিরাত কামনা করছি এবং জান্নাতুল ফেরদৌস নসীব করার দোয়া করছি। একইসাথে শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’