রাজশাহীতে ১১ দলের সমাবেশ শনিবার
রাজশাহীতে ১১ দলের সংবাদ সম্মেলন।   ছবি: আরটিএনএন

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী শনিবার (১৬ মে) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে ‘১১ দলীয় ঐক্য’।

বৃহস্পতিবার (১৪ মে) রাজশাহীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১২টায় নগরের কুমারপাড়া এলাকার আমানা ফুড ভিলেজ হলরুমে ১১ দলীয় ঐক্য, রাজশাহী বিভাগের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগামী ১৬ মে বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। 

সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়া এবং জনগণকে উজ্জীবিত করাই এ সংবাদ সম্মেলনের উদ্দেশ্য।

নেতারা তাঁদের বক্তব্যে তিনটি মূল দাবি তুলে ধরেন। সেগুলো হলো—গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা।

বক্তারা বলেন, দেশের মানুষ বর্তমানে নানা সংকটে রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলেছে। জনগণ এ পরিস্থিতির পরিবর্তন ও স্বস্তি চায়।

গণতন্ত্রে জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরে নেতারা বলেন, জনগণের মতামত ও রায়কে সম্মান জানিয়েই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। দেশে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. মাওলানা কেরামত আলী, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ডা. ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী মহানগরের সভাপতি মুফতি জুবায়ের হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির রাজশাহী মহানগরের সভাপতি মো. সাইফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং শিক্ষাবিদ অধ্যাপক রফিকুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।