গণভোটের রায় উপেক্ষা করেছে সরকার: হামিদুর রহমান আযাদ
মগবাজারে আয়োজিত এক ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।   ছবি: আরটিএনএন

সরকার গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করে তা উপেক্ষা করেছে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক জামায়াত নেতা ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মগবাজারে আয়োজিত এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি দিলেও সরকার তা পালন করেনি। বরং সংসদে ‘ছলচাতুরীর মাধ্যমে’ সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করে তা উপেক্ষা করেছে, যা ‘ন্যক্কারজনক’। 

হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, প্রশাসনে ব্যাপক দলীয়করণ করা হচ্ছে এবং নিয়োগ, বদলি ও পদোন্নতিতে দলীয় লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সমালোচনাও করেন তিনি।

তিনি বলেন, জনদুর্ভোগ নিরসন, জ্বালানি সংকট সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি-সন্ত্রাস দমন, স্বাস্থ্য ও শিক্ষাখাতে দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এসব দাবিতে জনমত গড়ে তুলতে রাজপথে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল কর্মসূচি পালনের কথাও জানান।

তিনি আরও বলেন, বিভিন্ন মহানগরে সেমিনার, জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন, শীর্ষ নেতাদের বিভাগীয় সফর এবং পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।

শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ক্যাম্পাসে পুনরায় দখলদারিত্ব ও অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এ বিষয়ে ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী আন্দোলন জোরদারের ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে ৭টি বিভাগীয় শহরে ধারাবাহিক সমাবেশ এবং অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৬ মে রাজশাহী, ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া অক্টোবরে রাজধানী ঢাকা-তে মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে।