স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী শেষে ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী শেষে ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ।   ছবি: সংগৃহীত

তেজগাঁওস্থ কার্যালয়ে স্পোর্টস কার এবং ইলেকট্রিক ভেহিক্যালের (ইভি) একটি প্রদর্শনীতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রদর্শনী শেষে তিনি ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা দেন।

শনিবার (২৩ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন আধুনিক স্পোর্টস কার ও পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে। এর মধ্যে ব্যাটারিচালিত প্রাইভেট কার ও মোটরসাইকেলও ছিল।

প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দেশে পরিবেশবান্ধব যানবাহনের সম্প্রসারণ ও প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন বলে জানা গেছে।

প্রদর্শনী শেষে তিনি ত্রিশালের উদ্দেশে যাত্রা করেন। সেখানে তার একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রথমে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

এ ছাড়া ময়মনসিংহ সফরকালে রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেলে স্থানীয় একটি জনসভায় তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সফরকে কেন্দ্র করে ত্রিশাল ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।