নজরুলজয়ন্তীতে আজ ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী 
প্রধানমন্ত্রী  তারেক রহমান ।   ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি নজরুলজয়ন্তীর উদ্বোধনের পাশাপাশি একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন।

ময়মনসিংহ জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২টায় ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর ২টায় ত্রিশাল ডাকবাংলোয় পৌঁছাবেন।

পরে বিকেল ৩টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল একাডেমি মাঠে জাতীয় কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে দীর্ঘদিন পর এবার জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী উদ্‌যাপন করা হচ্ছে। এ উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তিন দিনব্যাপী আয়োজনকে ঘিরে নজরুল একাডেমি মাঠে বসেছে মেলা। একই সঙ্গে নজরুল মঞ্চে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ত্রিশালবাসীকে বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিলেন। এবারও বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকে ব্যতিক্রমধর্মী কিছু পাওয়ার আশা করছেন ত্রিশালের মানুষ।