সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। সরকারের ঘোষিত “জিরো টলারেন্স” নীতির আলোকে সক্রিয় বনদস্যুদের দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানিয়ে কোস্ট গার্ড বলেছে, আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। তবে যারা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এসব অভিযানে গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এ পর্যন্ত ২৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গুলি, ১৭৮ রাউন্ড তাজা কার্তুজ, ২৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। একই সময়ে ২১ জন বনদস্যুকে আটক এবং দস্যুদের হাতে জিম্মি থাকা ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, ধারাবাহিক অভিযান, গোয়েন্দা নজরদারি ও কঠোর তৎপরতায় সুন্দরবনের দস্যু বাহিনীগুলো বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় কুখ্যাত “ছোট সুমন বাহিনী”-র প্রধান সুমন হাওলাদারসহ সাতজন ডাকাত গত ১৭ মে রাতে বাগেরহাটের মোংলার নন্দবালা খাল এলাকায় কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করে।
আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও তিন রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। আত্মসমর্পণকারী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের অপহরণ এবং মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড আরও জানায়, আত্মসমর্পণকারী দস্যুদের পুনর্বাসন এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ-সংক্রান্ত পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, চলমান সফল অভিযানে কিছু স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কোস্ট গার্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। তবে কোনো অপপ্রচারই দস্যু দমন অভিযানে বাধা সৃষ্টি করতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে বাহিনীটি।
ব্রিফিংয়ে পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম (সি), পিসিজিএম, পিএসসি, বিএন উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!