সুন্দরবন।
সুন্দরবন।   ছবি: সংগৃহীত

সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করেছে পুলিশ ও কোস্ট গার্ড। সোমবার (৪ জানুয়ারি) রাতে তাদের উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ ও কোস্ট গার্ড।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, সুন্দরবন থেকে উদ্ধার হওয়া রিসোর্ট মালিক ও পর্যটকরা নিরাপদে ফিরেছেন। অপহৃতরা সুস্থ আছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে কোষ্ট গার্ড পরে সংবাদ সম্মেলন করবে বলে জানান তিনি।

গেল শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা থেকে আসা পাঁচ পর্যটক সুন্দরবনের কানুরখোলা খাল এলাকা থেকে বনদস্যুদের হাতে অপহৃত হন। তারা খুলনার দাকোপের ঢাংমারী এলাকার গোলকানন রিসোর্টে  এসেছিলেন। বিকেলে  তারা রিসোর্ট মালিকের সঙ্গে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় ঘুরতে গেলে বনদস্যু মাসুম বাহিনী তাদের অপহরণ করে। তারা  দুই নারী পর্যটক ও নৌকার দুই আরোহীকে ছেড়ে দিলেও রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় এবং দুই পর্যটক সোহেল ও জনিকে সঙ্গে নিয়ে যায়। পরে রিসোর্ট মালিকের পরিবারের কাছ থেকে মোবাইলে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মাসুম বাহিনী ।

খবর পেয়ে কোস্ট গার্ড ও নৌ পুলিশসহ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। পরে তাদের উদ্ধার অভিযান সফলভাবে শেষ হয়।