পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মোসলেহ ও শামীমা
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মোসলেহ ও শামীমা।   আরটিএনএন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

বুধবার (১৩ মে) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন সম্পন্ন হয়।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সমর্থনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আগামী ১৫ দিনের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

নতুন নেতৃত্বের মাধ্যমে বিপিএসএর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সদস্যদের পেশাগত কল্যাণ, ঐক্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।