র‍্যাব সদস্যদের ওপর হামলার পর নারায়ণগঞ্জে সাঁড়াশি অভিযান, আটক ১৩, র‌্যাব, আটক, ইয়াবা, চিরুনি অভিযান,
র‍্যারে চিরুনি অভিযানে উদ্ধারকৃত মাদক ও অস্ত্র।   ছবি: আরটিএনএন

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় র‍্যাব সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার জেরে যৌথ বাহিনীর চিরুনি অভিযানে ১৩ জন সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

বুধবার (৬ মে) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১১ এর অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৫ মে তথ্য সংগ্রহকালে বোয়ালিয়া খাল এলাকায় সন্ত্রাসীরা অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে তিনজন সদস্য গুরুতর আহত হন।

এই ঘটনার পরপরই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মাসদাইর এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে চক্রটির ১৩ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি-চাকু, ৭টি চাইনিজ কুড়াল, ২টি রামদা, ৩টি চাপাতি, ৪টি সিসি ক্যামেরা, একটি ড্রোন এবং নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি ২৩৫ কেজি গাঁজা ও ১১ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়েছে, যা তারা এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল।

র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে) দুপুরে র‍্যাব-১১ এর একটি দল বোয়ালিয়া খাল এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে সন্ত্রাসীরা তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করে এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ইব্রাহিম, মাহী ও নাজিবুল নামে তিন সদস্য আহত হন। গুরুতর আহত নাজিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দুইজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

এই অভিযানের মাধ্যমে এলাকায় সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।