মে দিবসে গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ
মে দিবসে গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ।   ছবি: আরটিএনএন

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর উদ্যোগে ভোগড়া বাইপাস এলাকায় এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

মহানগর সভাপতি মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জুবায়ের বলেন, শ্রমজীবী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, তাই তাদের জন্য একটি ইনসাফভিত্তিক সমাজ গঠন করা জরুরি। তিনি উল্লেখ করেন, বিপুল শ্রমিক অধ্যুষিত গাজীপুরে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকলেও শ্রমিকদের জন্য কোনো প্রতিনিধিত্ব না থাকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, জাতীয় অগ্রগতির জন্য শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন অপরিহার্য। দেশের উন্নয়নে শ্রমিক ও মালিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে দিবসটির সফলতা কামনা করেন।

ফেডারেশনের নগর সাধারণ সম্পাদক হাসিবুল হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, মহানগর জামায়াতের নায়েবে আমীর খায়রুল হাসান, মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ও আজহারুল ইসলাম মোল্লা প্রমুখ।