শ্রমিক দিবসে ১৫ দফা দাবি জানালো শ্রমিক কল্যাণ ফেডারেশন
শ্রমিক কল্যাণ ফেডারেশন।   ফাইল ছবি

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। শুক্রবার (১ মে) এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়।

বিবৃতিতে তারা দেশের শ্রমনীতি ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পুনর্গঠনের দাবি জানিয়ে অবিলম্বে সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং খাতভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানায়। পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা ও পেশাগত এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

সংগঠনটি গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ এবং নারী শ্রমিকদের জন্য বেতন-ভাতাসহ ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার দাবি তোলে। এছাড়া পাটকলসহ বন্ধ থাকা সব শিল্পপ্রতিষ্ঠান দ্রুত চালু করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে শ্রমজীবী মানুষের জন্য বাসস্থান, রেশনিং, চিকিৎসা, শিক্ষা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম শ্রমিকদের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানানো হয়। কৃষিখাতে সার, বীজ ও কীটনাশকের দাম কমিয়ে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়।
এছাড়া রেল ও বন্দর শ্রমিকদের দাবি মেনে নেওয়া, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ, শ্রমিকদের নিয়োগপত্র প্রদান এবং লাইসেন্স প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হয়। 

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশনের আলোকে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা এবং শিল্পকারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধের আহ্বান জানানো হয়।

প্রবাস ফেরত শ্রমিকদের পুনর্বাসন, বিদেশে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত এবং গণভোটে প্রতিফলিত জনগণের রায়কে সম্মান জানিয়ে ‘জুলাই জাতীয় সনদ’-এর পূর্ণ বাস্তবায়নের দাবিও জানানো হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।