আজ ‘শুভ বুদ্ধপূর্ণিমা’,দেশজুড়ে নানা আয়োজনে উদযাপন
শুভ বুদ্ধপূর্ণিমা আজ, বৌদ্ধদের উৎসবে মাতবে সারা দেশ।   ছবি: সংগৃহীত

আজ পবিত্র বুদ্ধপূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ ও মহাপরিনির্বাণ। এই তিন স্মৃতিবিজড়িত দিনটি বৌদ্ধধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশব্যাপী বুদ্ধপূজা, শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘকে দান ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।

বৌদ্ধধর্ম মতে, প্রায় আড়াই হাজার বছর আগে বৈশাখী পূর্ণিমার এই তিথিতেই মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হন। তাঁর দর্শনের মূলমন্ত্র অহিংসা, সাম্য ও মৈত্রী। ‘হিংসা দিয়ে হিংসা প্রশমিত হয় না, বরং অহিংসা দিয়েই তাকে জয় করতে হয়’এই বাণী আজও বিশ্বে শান্তির বার্তা বহন করে।

এই দিবসটি উপলক্ষে রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধবিহারে দিনব্যাপী কর্মসূচি পালন করছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। সকালে বুদ্ধপূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

এদিকে, মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে।

পবিত্র বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ধর্ম নিয়ে কোনো রাজনীতি নয়, বরং সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের নীতি। তিনি বলেন,ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।তিনি আরও বলেন, বাংলাদেশে সব ধর্ম ও নৃগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে এবং সবাইকে নিজেদের বাংলাদেশি হিসেবে ভাবতে হবে।

এদিকে, সারা দেশের বৌদ্ধবিহারগুলোতে প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র দিনটি পালিত হচ্ছে।