নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুর, লক্ষ্মীপুরের রামগঞ্জ ও কুড়িগ্রামের ফুলবাড়িতে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) পালিত হয়েছে।
নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুর, লক্ষ্মীপুরের রামগঞ্জ ও কুড়িগ্রামের ফুলবাড়িতে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) পালিত হয়েছে।   ছবি: আরটিএনএন

সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে নব প্রভাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুর, লক্ষ্মীপুরের রামগঞ্জ ও কুড়িগ্রামের ফুলবাড়িতে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) পালিত হয়েছে।

মেহেরপুরে শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৮টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। এতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা অংশ নেন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। একই দিনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগেও পৃথক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।

 

WhatsApp Image 2026-05-01 at 12-54-04 PM

 

অন্যদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জে সকাল ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়। পৌর শহরের সোনাপুর চৌরাস্তা থেকে শুরু হওয়া র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামগঞ্জ পুলিশ বক্সের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার ও শোষণমুক্ত কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান। তারা বলেন, শ্রমিকদের ঘাম ও পরিশ্রমের ওপরই দেশের উন্নয়ন নির্ভর করে, অথচ তারা বারবার বঞ্চিত হচ্ছেন। ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের মাধ্যমে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

 

WhatsApp Image 2026-05-01 at 12-54-55 PM

এছাড়া কুড়িগ্রামের ফুলবাড়িতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে সকাল ৯টায় কাছারি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তিনকোনা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করতে কার্যকর শ্রমনীতি বাস্তবায়ন জরুরি। এর পাশাপাশি মে দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় আয়োজন করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও পতাকা ৭১ প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা, কর্মঘণ্টা নির্ধারণ এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মে দিবসের মূল চেতনাকে ধারণ করে দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়।