ফেসবুক পেজ ফিরে পেলেন তাজু ভাই, ভক্তদের প্রতি কৃতজ্ঞতা
কনটেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম তাজু।   ছবি: সংগৃহীত

দেশজুড়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ অবশেষে উদ্ধার হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে ‘তাজু ২.০’ পেজ থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

৯ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওতে তাজু জানান, গত রোববার তিনি নানা সমস্যায় পড়েছিলেন। পরে ফেসবুক কর্তৃপক্ষ তাঁর পেজটি ফেরত দেয়। এ সময় যারা সাহায্য করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি চাই চরাঞ্চলের মানুষের গল্প তুলে ধরতে পারি, তার জন্য সবাই দোয়া করবেন। আগের মতো ভালোবাসা ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান রইল।’

এর আগে গতকাল দুপুরের পর হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে তাঁর পেজটি উধাও হয়ে যায়। প্রায় ১০ লাখ অনুসারীর পেজটি হঠাৎ হারিয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

সম্প্রতি স্বাধীনতা দিবসে সরকারি দরে জিলাপি বিক্রির একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান তাজু। তার সরল উপস্থাপনা, স্বতঃস্ফূর্ততা এবং গ্রামীণ জীবনের বাস্তবচিত্র তুলে ধরার ভিন্নধর্মী কনটেন্ট দ্রুত মানুষের মন জয় করে। ভাইরাল হওয়ার পর থেকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তার বাড়িতে দেশের বিভিন্ন স্থান থেকে ইউটিউবার ও কনটেন্ট নির্মাতাদের ভিড় বাড়তে থাকে। কেউ সাক্ষাৎকার নিতে, কেউ ভিডিও ধারণ করতে সেখানে যান। এ ঘটনায় তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

উল্লেখ্য, ভাইরাল হওয়ার আগে ‘তাজু ২.০’ পেজে তার অনুসারী সংখ্যা ছিল প্রায় ৬ হাজার। মাত্র ১০ দিনের মধ্যে তা বেড়ে প্রায় ১০ লাখে পৌঁছায়।