ঈদযাত্রা, ১৫ দিন, ৩৪৬ সড়ক দুর্ঘটনা, নিহত ৩৫১ জন
ঈদযাত্রায় ১৫ দিনে ৩৪৬ সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত।   ছবি: আরটিএনএন

ঈদযাত্রার ১৫ দিনে দেশে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি তুলে ধরেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানান, ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এই সময়ে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ও ১০৪৬ জন আহত হয়েছেন।

মোজাম্মেল হক চৌধুরী আরও জানান, একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। নৌ-পথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ হয়েছেন। সব পথ মিলিয়ে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ১২৮৮ জন আহত হয়েছেন।

বিশ্লেষণ অনুযায়ী, এবার ঈদে সড়ক দুর্ঘটনা গত বছরের তুলনায় ৮.৯৫ শতাংশ বেড়েছে। প্রাণহানী ৮.২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আহতের সংখ্যা ২১.০৫ শতাংশ বেড়েছে।