এনটিআরসিএ উদ্যোগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা আগামীকাল শনিবার  ঢাকায় অনুষ্ঠিত হবে।
এনটিআরসিএ উদ্যোগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা আগামীকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে।   ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) উদ্যোগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা আগামীকাল শনিবার (১৮ এপ্রিল ২০২৬) ঢাকায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নিতে মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। এনটিআরসিএ ইতোমধ্যে প্রবেশপত্র ডাউনলোডের প্রক্রিয়া সম্পন্ন করেছে। প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রবেশপত্র ও ওয়েবসাইট

এনটিআরসিএ জানিয়েছে, এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র http://ngi.teletalk.com.bd এবং https://ntrca.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে।

এমসিকিউ পরীক্ষার সময়সূচি

ক-গ্রুপ
সময়: সকাল ৯:০০–১০:০০টা
পদ: অধ্যক্ষ (স্নাতক পাস কলেজ, ব্যবসায় ব্যবস্থাপনা, চারুকলা ডিগ্রি কলেজ), উপাধ্যক্ষ (কামিল মাদ্রাসা), প্রধান শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়), সুপার (দাখিল মাদ্রাসা)

খ-গ্রুপ
সময়: বেলা ১১:৩০–১২:৩০টা
পদ: অধ্যক্ষ (উচ্চ মাধ্যমিক কলেজ, ফাজিল মাদ্রাসা, চারুকলা প্রি-ডিগ্রি), উপাধ্যক্ষ (আলিম মাদ্রাসা), সহকারী সুপার (ভোকেশনাল)

গ-গ্রুপ
সময়: দুপুর ২:০০–৩:০০টা
পদ: অধ্যক্ষ (কামিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়), সহকারী প্রধান শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়), সুপার (ভোকেশনাল)

ঘ-গ্রুপ
সময়: বিকেল ৪:৩০–৫:৩০টা
পদ: অধ্যক্ষ (কৃষি), উপাধ্যক্ষ (ফাজিল মাদ্রাসা, স্নাতক পাস কলেজ, চারুকলা ডিগ্রি কলেজ), প্রধান শিক্ষক (নিম্নমাধ্যমিক বিদ্যালয়), সহকারী সুপার (দাখিল মাদ্রাসা)

নিয়োগপ্রক্রিয়া ও নম্বর বণ্টন

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের দুটি ধাপ পার হতে হবে। প্রথমে ৮০ নম্বরের এমসিকিউ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে ১ ঘণ্টায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে।

পরবর্তী ধাপে ৮ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১২ নম্বর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করা হবে, যেখানে এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর ফলাফল বিবেচনায় নেওয়া হবে।

লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর অর্জন বাধ্যতামূলক।

চূড়ান্ত নির্বাচন ও পছন্দক্রম

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষার সম্মিলিত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে প্রার্থীদের কাছ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম (চয়েস লিস্ট) গ্রহণ করা হবে। মেধা ও পছন্দক্রম অনুযায়ী এনটিআরসিএ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করবে।