ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রার্থী বাছাইয়ে সমঝোতায় পৌঁছেছে দেশটির বিরোধী দলগুলো। এ সমঝোতা অনুযায়ী, নেসেটের পরবর্তী স্পিকার হতে যাচ্ছেন সাবেক মন্ত্রী মাতান কাহানা।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে বিরোধী নেতারা এ সিদ্ধান্তের কথা জানান। এতে ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদোর লিবারম্যানকে পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান করার বিষয়েও একমত হয়েছেন তারা।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট, আভিগদোর লিবারম্যান, টুগেদার জোটের নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান এবং বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদের মধ্যে এ সমঝোতা হয়েছে।
আইজেনকোটের ইয়াশার পার্টির তালিকায় পঞ্চম অবস্থানে থাকা মাতান কাহানাকে কয়েক দিনের আলোচনার পর স্পিকার পদের জন্য মনোনীত করা হয়। একই সঙ্গে টুগেদার জোটের নবনির্বাচিত সংসদ সদস্য লিরান আভিশার বেন হোরিনকে অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান করার সিদ্ধান্ত হয়েছে।
বিরোধীদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই পার্লামেন্টের বিভিন্ন কমিটির গঠন চূড়ান্ত করা হবে। এসব প্রস্তাব অনুমোদনের জন্য বুধবার নেসেটে উপস্থাপনের কথা রয়েছে।
মঙ্গলবার ইসরায়েলের ২৬তম নেসেটের সদস্যদের শপথ গ্রহণের আগে এ সমঝোতা হলো। বিরোধী দলগুলোর লক্ষ্য, বর্তমান স্পিকার ও নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতা আমির ওহানাকে সরিয়ে তাঁর জায়গায় মাতান কাহানাকে বসানো।
তবে স্পিকার পরিবর্তনের পথে এখনো সংখ্যাগরিষ্ঠতার বাধা রয়েছে বিরোধীদের সামনে। ওহানা জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে নতুন স্পিকার নির্বাচনের দাবি জানালে এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিতর্কের আয়োজন করবেন তিনি।
বর্তমানে আইজেনকোটের নেতৃত্বাধীন চার দলের জোটের হাতে নেসেটের ১২০টি আসনের মধ্যে ৪৮টি রয়েছে। স্পিকার পরিবর্তন করতে হলে অন্তত ৬১ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন।
এদিকে গত রোববার ৬৭ জন সংসদ সদস্যের সমর্থন পাওয়ার পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছিলেন ৪৬ জন সংসদ সদস্য।
সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজন হলে প্রেসিডেন্টের অনুমোদনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যাবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!