পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।   ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার সংঘটিত এ হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা। খবর এএফপি।

প্রাদেশিক রাজধানী কোয়েটা এলাকায় ঘটে যাওয়া এ বিস্ফোরণে নিহতদের মধ্যে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। এছাড়া আহত হন আরও ৫০ জনের বেশি মানুষ।

ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর ট্রেনের একটি বগি দুমড়ে-মুচড়ে লাইনচ্যুত হয়ে পড়ে আছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায় এবং পুরো এলাকায় সশস্ত্র নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ার-এর উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রেনটি কোয়েটার চামান পট্টক এলাকায় একটি সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ট্রেনের একটি বগিকে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের জানালাগুলো ভেঙে যায় এবং আশপাশের বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।

আরেক কর্মকর্তা জানিয়েছেন, ট্রেনে থাকা সেনা সদস্যরা ঈদুল আজহা উপলক্ষে ছুটি কাটাতে নিজ নিজ বাড়িতে যাচ্ছিলেন।