ন্যাটোভুক্ত দেশ লক্ষ্য করে বেলারুশ থেকে হামলার আশঙ্কা: জেলেনস্কি,
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।   ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া বেলারুশকে আরও গভীরভাবে ইউক্রেন যুদ্ধের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। তার দাবি, মস্কো বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের উত্তরাঞ্চল বা ন্যাটোভুক্ত কোনো দেশের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পরিকল্পনা করছে।

শুক্রবার (১৫ মে) সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে বেলারুশকে আরও গভীরভাবে জড়ানোর চেষ্টা করছে রাশিয়া এর প্রমাণ আমরা সংগ্রহ ও নথিভুক্ত করছি।’ জেলেনস্কির দাবি, রাশিয়া বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোকে নতুন সামরিক অভিযানে যুক্ত করতে চাপ দিচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া বেলারুশের উত্তর ও দক্ষিণ দিক ব্যবহার করে সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা করছে। এর লক্ষ্য হতে পারে ইউক্রেনের চেরনিহিভ–কিয়েভ অঞ্চল অথবা কোনো ন্যাটো সদস্য রাষ্ট্র।

তবে জেলেনস্কি এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। এ বিষয়ে রাশিয়া বা বেলারুশের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, বেলারুশ ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশ এবং এর উত্তর ও পশ্চিমে ন্যাটোভুক্ত পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়া অবস্থিত।

লুকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় তিনি রুশ বাহিনীকে বেলারুশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত বেলারুশ সেনাদের সরাসরি যুদ্ধে পাঠায়নি।

যুদ্ধ শুরুর পর থেকে মিনস্কে রাশিয়ার ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়েও সম্মতি দেওয়া হয়েছে।

জেলেনস্কি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে রাশিয়া আবারও বেলারুশকে যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত করার প্রস্তুতি নিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, বেলারুশ এ ধরনের সিদ্ধান্ত নিলে ইউক্রেন নিজেকে রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের দারনিতস্কি এলাকায় একটি আবাসিক ভবনে রুশ হামলায় অন্তত ২৪ জন নিহত হওয়ার ঘটনায় সেখানে শোক পালন করা হয়েছে।

এর জবাবে ইউক্রেন রাশিয়ার কয়েকটি অঞ্চলে জ্বালানি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। জেলেনস্কি এ পাল্টা হামলাকে ন্যায্য প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন।