শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ‘চমৎকার’ হয়েছে: ট্রাম্প
ডেনাল্ড ট্রাম্প ও শি জিনপিং।   ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে দারুণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে টেম্পল অব হেভেনে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দুই নেতার আলোচনা ছিল গ্রেট বা অত্যন্ত ইতিবাচক।

তবে বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাব দেননি মার্কিন প্রেসিডেন্ট।

স্থানীয় সময় বুধবার (১৩ মে) চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান ট্রাম্প। সফরকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্টসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর।

বৃহস্পতিবার শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে যান ট্রাম্প। ১৯৫৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার দশম বার্ষিকী উপলক্ষে নির্মিত এই ভবনটি তিয়েনআনমেন স্কয়ারের পশ্চিম পাশে অবস্থিত। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান ও বিদেশি অতিথিদের আনুষ্ঠানিক সংবর্ধনার জন্য ভবনটি ব্যবহার করা হয়।

গ্রেট হলে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্টকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয়। পরে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত দ্য স্টার-স্প্যাংলড ব্যানার বাজানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সময় ট্রাম্পকে স্যালুট দিতে দেখা যায় এবং তার পাশে লাল ও সোনালি রঙের মঞ্চে দাঁড়িয়ে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।