ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও
মার্কো রুবিও।   ছবি: আল-জাজিরা

ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামের সামরিক অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

সাক্ষাৎকারে রুবিও বলেন, “ইরানে অপারেশন এপিক ফিউরি শেষ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। যে লক্ষ্যে আমরা এ অভিযান শুরু করেছিলাম, তা অর্জিত হয়েছে।”

তিনি আরও বলেন, ইরান ইস্যুতে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। বরং শান্তিপূর্ণ সমাধানের দিকেই এগোতে চায় ওয়াশিংটন। রুবিও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার মাধ্যমে একটি সমঝোতা স্মারক (মেমোর‌্যান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) করতে আগ্রহী, যেখানে ভবিষ্যৎ আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ২০২৫ সালের জুনে এ ইস্যুতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘর্ষও হয়।

এদিকে, গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন ও ইরানি প্রতিনিধিদলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা হয়নি। আলোচনায় অগ্রগতি না হওয়ায় ২৮ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্র।

সংঘাতে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৩ হাজারের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

অন্যদিকে, পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

টানা প্রায় ৪০ দিন সংঘাত চলার পর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র, যা এখনো বহাল রয়েছে।

সূত্র: এবিসি নিউজ