নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাবের হুঁশিয়ারি ইরানের
ডোনাল্ড ট্রাম্প (বামে) এবং মোজতবা খামেনি (ডানে)।   ফাইল ছবি

নতুন করে সামরিক হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে ‘দীর্ঘ ও বেদনাদায়ক’ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে দেশটি, যা এই রুট পুনরায় সচল করার মার্কিন প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত দুই মাস অতিক্রম করলেও বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা জোরালো হয়েছে। গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, ইরানের তেল রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশটি এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ রেখেছে।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইরানকে আলোচনায় বাধ্য করতে নতুন করে সামরিক অভিযানের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার ব্রিফিং করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে একই রাতে তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা লক্ষ্য করা গেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘মেহর’ জানিয়েছে, ড্রোন ও নজরদারি বিমান প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক আঘাত হানা হবে। অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বার্তায় স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।

সূত্র: রয়টার্স