মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে ‘বড় ছাড়’ দিতে হবে: ফ্রান্স
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো।   ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানকে ‘বড় ধরনের ছাড়’ দেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো। তিনি বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে তেহরানকে বর্তমান অবস্থান থেকে সরে এসে বাস্তবসম্মত ও ইতিবাচক পদক্ষেপ নিতে হবে।

স্থানীয় সময় সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে জ্যঁ-নোয়েল বারো বলেন, ইরান যদি তাদের বর্তমান নীতিতে ‘আমূল পরিবর্তন’ না আনে, তাহলে চলমান সংকটের স্থায়ী সমাধান সম্ভব হবে না। তিনি জোর দিয়ে বলেন, সংঘাত নিরসনে কূটনৈতিক পথই সবচেয়ে কার্যকর উপায়।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের উচিত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনে গঠনমূলক ভূমিকা রাখা। এর মাধ্যমে দেশটির সাধারণ মানুষও একটি স্থিতিশীল ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে বলে মন্তব্য করেন তিনি।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা চলমান থাকলেও আলোচনা এখনো অনেকটা স্থবির। এমন উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে ফ্রান্সের এ বক্তব্য নতুন করে কূটনৈতিক আলোচনায় গুরুত্ব পেয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই