ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও শরীরে ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ থাকতে পারে। মূলত জ্বর শুরুর কত দিন পর কোন পরীক্ষা করা হচ্ছে, তার ওপর অনেকাংশে নির্ভর করে রিপোর্টের ফলাফল। বিশেষ করে এনএস১ অ্যান্টিজেন (NS1 Antigen) ও আইজিএম অ্যান্টিবডি (IgM Antibody) পরীক্ষার নির্দিষ্ট সময় রয়েছে। সঠিক সময়ে পরীক্ষা না করালে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরও রিপোর্ট নেগেটিভ আসতে পারে।
এনএস১ অ্যান্টিজেন পরীক্ষা সাধারণত জ্বর শুরুর প্রথম এক থেকে পাঁচ দিনের মধ্যে করা উচিত। জ্বর শুরুর পাঁচ থেকে ছয় দিন পর এই পরীক্ষা করা হলে রক্তে অ্যান্টিজেনের পরিমাণ কমে যেতে পারে। ফলে শরীরে ডেঙ্গু সংক্রমণ থাকলেও পরীক্ষার ফল নেগেটিভ আসার আশঙ্কা থাকে।
অন্যদিকে, আইজিএম অ্যান্টিবডি পরীক্ষা জ্বর শুরুর পাঁচ দিন পর করা উচিত। জ্বরের প্রথম এক থেকে পাঁচ দিনের মধ্যে এ পরীক্ষা করালে শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি না হওয়ার কারণে রিপোর্ট নেগেটিভ আসতে পারে।
এ ছাড়া ডেঙ্গু ভাইরাসের নির্দিষ্ট কিছু ভ্যারিয়েন্ট বা সেরোটাইপের সংক্রমণের কারণেও এনএস১ অ্যান্টিজেন পরীক্ষার ফল নেগেটিভ আসতে পারে। যেমন, ডেন-২ (Den-2) সংক্রমণের ক্ষেত্রে এমনটি ঘটতে পারে। রক্তে ভাইরাসের উপস্থিতি থাকা সত্ত্বেও এনএস১ পরীক্ষায় নেগেটিভ ফল আসাকে ফলস নেগেটিভ বলা হয়।
এ ধরনের পরিস্থিতিতে ডেঙ্গু শনাক্তের জন্য রিভার্স ট্রান্সক্রিপশন-পলিমারেজ চেইন রিঅ্যাকশন (RT-PCR) পরীক্ষা করা যেতে পারে। তীব্র পর্যায়ে ডেঙ্গু ভাইরাস (DENV) শনাক্তে এটি দ্রুত, অত্যন্ত সংবেদনশীল ও সুনির্দিষ্ট একটি পরীক্ষা। আণবিক পরীক্ষাপদ্ধতিগুলোর মধ্যে এটি গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত। সাধারণত লক্ষণ শুরুর প্রথম পাঁচ থেকে সাত দিনের মধ্যে, যখন শরীরে ভাইরাসের পরিমাণ বেশি থাকে, তখন এ পরীক্ষা করা হয়।
তবে পাঁচ থেকে সাত দিন পর আরটি-পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ এলেও ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি বাতিল করা যায় না। এ ক্ষেত্রে আইজিএম এলাইজা (IgM ELISA)-এর মতো সেরোলজিক্যাল পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়।
ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে করণীয়
লক্ষণ পর্যবেক্ষণ করুন
ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও উচ্চ বা মৃদু জ্বর, চোখের পেছনে ব্যথা, তীব্র শরীরব্যথা কিংবা বমি বমি ভাব থাকলে ডেঙ্গু সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সিবিসি (CBC) পরীক্ষা করুন
ডেঙ্গু নির্ণয় ও রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে চিকিৎসকেরা সাধারণত পরীক্ষার রিপোর্টের পাশাপাশি রক্তের প্লেটলেট ও শ্বেত রক্তকণিকার (WBC) সংখ্যা বিবেচনা করেন। প্লেটলেট দ্রুত কমতে থাকলে ডেঙ্গুর সন্দেহে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়।
ওষুধ ব্যবহারে সতর্ক থাকুন
ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হোক বা পজিটিভ, জ্বর ও ব্যথা কমাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শুধু প্যারাসিটামল গ্রহণ করা উচিত। কোনো অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ ছাড়া আইবুপ্রোফেন, অ্যাসপিরিন বা ডাইক্লোফেনাকের মতো নন-স্টেরয়ডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগস (NSAIDs) গ্রহণ করা উচিত নয়। কারণ, এসব ওষুধ রক্তপাতের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিতে পারে।
মনে রাখতে হবে, প্রথমবার ডেঙ্গুতে আক্রান্ত হলে সাধারণত লক্ষণগুলো মৃদু থাকে এবং যথাযথ বিশ্রাম ও চিকিৎসায় রোগী সুস্থ হয়ে ওঠেন। তবে দ্বিতীয়বার ভিন্ন সেরোটাইপের ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হলে অ্যান্টিবডি-ডিপেনডেন্ট এনহ্যান্সমেন্ট (ADE) প্রক্রিয়ার কারণে রোগের তীব্রতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
বিশেষ করে জ্বর কমে যাওয়ার পরের তিন থেকে সাত দিন অত্যন্ত সতর্ক থাকতে হয়। এ সময় রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে পারে।
ডেঙ্গু হলে যেসব লক্ষণে দ্রুত হাসপাতালে যাবেন
ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে নিচের লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে হাসপাতালে নিতে হবে—
মাড়ি বা নাক দিয়ে রক্তপাত হলে।
অবিরাম বমি বা রক্তবমি হলে।
কালো রঙের পায়খানা হলে।
তীব্র পেটব্যথা হলে।
ত্বকে তীব্র ফুসকুড়ি বা দাগ দেখা দিলে।
রক্তচাপ কমে গেলে বা মাথা ঘুরলে।
শরীর, হাত বা পা হঠাৎ অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে।
দীর্ঘ সময় প্রস্রাব না হলে বা প্রস্রাবের পরিমাণ কমে গেলে।
ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেই সংক্রমণ নেই, এমনটি ধরে নেওয়া ঠিক নয়। রোগের লক্ষণ, পরীক্ষার সময় এবং শারীরিক অবস্থার ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করতে হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!