হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু   ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪০০ শিশু।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২৬৩ জনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮২ জন শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ ও অন্যান্য জটিলতা নিয়ে ১ হাজার ৩১৮ জন শিশু চিকিৎসা গ্রহণ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর ২৪ হাজার ৭৪ জন রোগীর শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।

সংক্রমণ বাড়ায় এ পর্যন্ত মোট ২ লাখ ৭ হাজার ৪২৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তবে আশার কথা হলো, এর মধ্যে ১ লাখ ৯৮ হাজার ৭৫২ জন শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা এমন পরিস্থিতিতে অভিভাবকদের সচেতন থাকার এবং শিশুদের নির্ধারিত সময়ে হামের টিকা (এমআর টিকা) নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।