সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০২৬-২৭ অর্থবছরের শুরু অর্থাৎ আগামী ১ জুলাই থেকেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে পুরো সুবিধা একবারে নয়, ধাপে ধাপে কার্যকরের পরিকল্পনা নিয়েছে সরকার।
সূত্র জানায়, গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। ফলে আগামী বাজেটেই নতুন পে স্কেলের জন্য আলাদা বরাদ্দ রাখা হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রধানমন্ত্রী আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এতে সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন।”
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে একটি ১০ সদস্যের বিশেষ কমিটি কাজ করছে, যারা বিভিন্ন সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত মতামত দেবে। তবে বিপুল অর্থ সংস্থানের চাপ সামলাতে সরকার ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নিচ্ছে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা এবং পেনশনের জন্য আরও ২৫ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। সব মিলিয়ে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকার অর্থ সংস্থান প্রয়োজন হবে বলে জানা গেছে।
চলতি অর্থবছরে বেতন-ভাতায় প্রায় ৮৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। আগামী বাজেটে এই খাতে আরও বড় বরাদ্দ রাখা হতে পারে। প্রথম ধাপে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বরাদ্দ দিয়ে আংশিক বেতন বৃদ্ধি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এরপর পরবর্তী অর্থবছরগুলোতে ধাপে ধাপে বাকি সুবিধা কার্যকর করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে পুরো পে স্কেল শতভাগ বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। এতে প্রায় ১৪ লাখ সরকারি চাকরিজীবী এবং ৯ লাখের বেশি পেনশনার উপকৃত হবেন।
এদিকে প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডে বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপে ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। তবে এগুলো এখনো প্রস্তাব পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আগামী ৭ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে, যেখানে নতুন পে স্কেল সংক্রান্ত বিস্তারিত ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!