‘শেয়ারবাজারে বহুমাত্রিক প্রোডাক্ট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে’
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।   আরটিএনএন

দেশের শেয়ারবাজারকে আরও বেগবান, বহুমাত্রিক ও বিনিয়োগবান্ধব করতে নতুন প্রোডাক্ট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।

বুধবার (১৩ মে) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেটের ট্রেকহোল্ডার কোম্পানিগুলোর কমপ্লায়েন্স অফিসার এবং অথরাইজড রিপ্রেজেন্টেটিভদের নিয়ে আয়োজিত সিকিউরিটিজ আইন পরিপালনবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন কমপ্লায়েন্স, ইন্সপেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ও মো. রবিউল আউয়াল।

সাইফুর রহমান মজুমদার বলেছেন, শেয়ারবাজারকে আধুনিক ও প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যেতে বাজারে নতুন নতুন প্রোডাক্ট সংযোজনের কাজ চলছে। এক্ষেত্রে সিএসই বরাবরের মতো অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে কমোডিটি মার্কেট স্থাপনের কার্যক্রম উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তিনি জানান, বৈশ্বিক ও কাঠামোগত পরিবর্তনের কারণে বর্তমান পুঁজিবাজার নতুন বাস্তবতার মুখোমুখি। তাই বাজারের স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে রেগুলেটরি ও প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি ব্যবসায়িক কাঠামোতেও পরিবর্তন আনা প্রয়োজন। আইন পরিপালনকে ব্যবসার প্রতিবন্ধক হিসেবে দেখার সুযোগ নেই। বরং একটি প্রতিষ্ঠান যত বেশি স্বচ্ছতা ও কমপ্লায়েন্স নিশ্চিত করবে, তত বেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম ও সিলেটের ট্রেকহোল্ডার কোম্পানিগুলোর কমপ্লায়েন্স অফিসার ও অথরাইজড রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। প্রশিক্ষণে সিকিউরিটিজ আইনের সাম্প্রতিক পরিবর্তন, রিপোর্ট প্রস্তুতের সঠিক পদ্ধতি এবং আইন পরিপালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসইর চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান (সিএফএ), ডিজিএম অ্যান্ড হেড অব কমপ্লায়েন্স, ইন্সপেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট মো. নাহিদুল ইসলাম খানসহ সিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ।