মাদক মামলায় স্বস্তি পাচ্ছেন শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি,
শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি।   ছবি: সংগৃহীত

দীর্ঘদিন আলোচনায় থাকা একটি মাদক মামলায় অবশেষে স্বস্তির খবর পেলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি। মুম্বাই পুলিশের তদন্তে তাদের বিরুদ্ধে কোনো সংশ্লিষ্টতার প্রমাণ না মেলায় মামলা থেকে অব্যাহতি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানা গেছে, পুলিশের সম্পূরক চার্জশিটে শ্রদ্ধা ও নোরার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ ওরহান আওয়াত্রামানি (ওরি), অভিনেতা সিদ্ধান্ত কাপুর এবং রাজনীতিবিদ জিশান সিদ্দিকীর নামও বাদ যেতে পারে।

ঘটনার শুরু ২০২২ সালের আগস্টে। সে সময় মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও অ্যান্টি-নার্কোটিক্স সেল অভিযান চালিয়ে মোহাম্মদ সেলিম নামে এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল বলে জানায় পুলিশ।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি দাবি করেছিলেন, তিনি বিভিন্ন অভিজাত পার্টিতে মাদক সরবরাহ করতেন, যেখানে বিনোদন অঙ্গনের পরিচিত ব্যক্তিরা যেতেন। সেই তথ্যের ভিত্তিতে পরে কয়েকজন তারকাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তবে দীর্ঘ তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহির সরাসরি যোগাযোগ, লেনদেন বা সম্পৃক্ততার নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন চার্জশিটে শুধু গ্রেপ্তার হওয়া ও পলাতক মূল আসামিদের নাম রাখা হতে পারে। পর্যাপ্ত তথ্যপ্রমাণ না থাকায় অন্যদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে এ খবরে স্বস্তি প্রকাশ করেছেন ওরি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, যারা অকারণে তার নাম জড়িয়ে অপপ্রচার চালিয়েছিলেন, তারা এখন নীরব।

সিমু/আরটিএনএন