প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক   ছবি : সংগৃহীত

দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি মার্কিন ডলার অর্থায়ন দিচ্ছে বিশ্বব্যাংক। প্রাক্‌-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২ কোটি ৬০ লাখ শিশুর পড়া, লেখা ও গণিতের মৌলিক দক্ষতা বাড়াতে এ অর্থ ব্যয় করা হবে। একই সঙ্গে সরকারের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নেও সহায়তা করবে সংস্থাটি।

শুক্রবার (৬ নভেম্বর) ওয়াশিংটনে বিশ্বব্যাংক গ্রুপের নির্বাহী পরিচালকদের পর্ষদ এ অর্থায়নের অনুমোদন দেয়।

বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত হলেও শিক্ষার মান এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ১০ বছর বয়সী শিশুদের প্রায় ৫০ শতাংশ বয়সোপযোগী সহজ কোনো লেখা পড়ে তা বুঝতে পারে না। উচ্চমধ্যম আয়ের দেশ মালয়েশিয়ায় এ হার ৪২ শতাংশ এবং ব্রাজিলে ৪৭ শতাংশ।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যঁ পেসমে বলেন, বিশ্বমানের প্রতিযোগিতায় সক্ষম কর্মশক্তি গড়ে তুলতে মানসম্মত প্রাথমিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত দুই দশকে বাংলাদেশের প্রায় সব শিশুর বিদ্যালয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে সহায়তা করেছে বিশ্বব্যাংক গ্রুপ। নতুন অর্থায়নের মাধ্যমে শিশুদের শেখার মান বাড়ানোর পাশাপাশি বিদ্যালয়ে তাদের উপস্থিতি ও ধরে রাখার ক্ষেত্রে সহায়তা করা হবে। এর ফলে ভবিষ্যতে ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরির ভিত্তি শক্তিশালী হবে।

বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থা বিশ্বের অন্যতম বৃহৎ। সরকারি বিদ্যালয়, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পরিচালিত স্কুল, কিন্ডারগার্টেন ও মাদ্রাসা মিলিয়ে এ ব্যবস্থায় ২ কোটির বেশি শিশু পড়াশোনা করছে।

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত কর্মসূচির আওতায় শিশুদের পড়া, লেখা ও গণিতের মৌলিক দক্ষতা বাড়াতে বিশেষ শিক্ষা প্যাকেজ চালু করা হবে। এতে থাকবে প্রয়োজনীয় শিক্ষণ উপকরণ, সুনির্দিষ্ট পাঠপরিকল্পনা এবং শিক্ষকদের প্রশিক্ষণ। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ শতাংশ প্রধান শিক্ষককে নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। বিদ্যালয়ের ব্যবস্থাপনাও আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ শিক্ষা বিশেষজ্ঞ ও কর্মসূচিটির দলনেতা তাশমিনা রহমান বলেন, উন্নত কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের প্রথম শর্ত হলো শিক্ষার মৌলিক ভিত্তি মজবুত করা। কোনো শিশু যাতে শেখার ক্ষেত্রে পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে কর্মসূচির আওতায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদের বাড়তি শিক্ষা সহায়তা দেওয়া হবে। বিশেষ করে যেসব জেলার শিক্ষার্থীরা তুলনামূলক বেশি পিছিয়ে রয়েছে, সেসব এলাকায় কার্যক্রম বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, এ কর্মসূচিতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, বিদ্যালয়ের নেতৃত্বের মানোন্নয়ন, বাজেটের জবাবদিহিমূলক ব্যবহার এবং সিদ্ধান্ত গ্রহণে তথ্য-উপাত্তের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার বিষয়েও সহায়তা দেওয়া হবে।

কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে। এর মাধ্যমে শ্রেণিকক্ষে শিশুদের পড়া, লেখা ও গণিত শেখানোর ক্ষেত্রে শিক্ষকদের সক্ষমতা বাড়বে। পাশাপাশি প্রাক্‌-প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে শিশুরা বিদ্যালয়ে ভর্তির আগেই প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে।

বিশ্বব্যাংকের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ লাখ ৪৩ হাজার নতুন ও তুলনামূলক ভালো বেতনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বিশ্বব্যাংক গ্রুপের স্বল্প আয়ের দেশগুলোকে সহায়তাকারী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) মাধ্যমে এ অর্থায়ন দেওয়া হচ্ছে। ঋণটির মেয়াদ ২৫ বছর। এর মধ্যে প্রথম পাঁচ বছর ঋণ পরিশোধে ছাড় বা গ্রেস পিরিয়ড সুবিধা থাকবে।