আজ যা কিছু সুন্দর ও সফল, সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য
আজ যা কিছু সুন্দর ও সফল, সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য   ছবি : সংগৃহীত

‘আজ যা কিছু সুন্দর, যা কিছু সফল, তার সব অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, ৭ নভেম্বরের ঘটনা না ঘটলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকত না। এমনকি বাংলাদেশ হয়তো অন্য কোনো দেশের প্রদেশ হিসেবে পরিচিত হতো। এ দিনের জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির মধ্য দিয়েই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের সূচনা হয়। জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সেই পরিবর্তন এগিয়ে যায়।

তিনি বলেন, ওই সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়েছিল। দেশি-বিদেশি আধিপত্যবাদ, একের পর এক পাল্টাপাল্টি অভ্যুত্থান এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ৩ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশ চরম সংকটের মধ্য দিয়ে গেছে।

১৯৭৫ সালের ঘটনাপ্রবাহ তুলে ধরে অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, তৎকালীন সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দি করা হয়েছিল। পরে সিপাহি ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে তাঁকে মুক্ত করে জাতির প্রয়োজনে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের ব্যবস্থা করেন। এ ঘটনাকে সিপাহি-জনতার বিপ্লব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সেদিন সবাই ঐক্যবদ্ধ হয়ে জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে এসেছিলেন। সেটিই ছিল ৭ নভেম্বরের মূল তাৎপর্য।

জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন সম্পর্কে উপাচার্য বলেন, বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রতিষ্ঠা করেছিলেন তিনি। এ পরিচয়ের মাধ্যমে বাঙালির পাশাপাশি চাকমা, মারমা, মগ, মুরং, গারো ও খাসিয়াসহ দেশের সব জাতিগোষ্ঠীকে একই পরিচয়ের আওতায় আনা হয়।

অধ্যাপক ওবায়দুল ইসলাম আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে উন্নয়ন ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে কাজ করেছেন। তাঁর হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসে বলে মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ তৈরিতেও জিয়াউর রহমানের ভূমিকা ছিল বলে উল্লেখ করেন উপাচার্য।

৭ নভেম্বরকে জাতীয় ঐক্য এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ দিনটি শুধু বছরে একবার স্মরণ করার বিষয় নয়; বরং প্রতিটি মুহূর্তে এর তাৎপর্য মনে রাখতে হবে। জাতীয় ঐক্যের চেতনায় দেশকে সবার আগে স্থান দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় বর্তমান প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।