চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের পরীক্ষার তারিখ ঘোষণা
চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের পরীক্ষার তারিখ ঘোষণা   ছবি : সংগৃহীত

চিকিৎসক নিয়োগের জন্য অনুষ্ঠিতব্য ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। ঢাকায় নির্ধারিত কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (৪ নভেম্বর) কমিশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার এ সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন প্রার্থীরা। পরীক্ষার কেন্দ্র, আসনবিন্যাস এবং প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তী সময়ে পিএসসির ওয়েবসাইট ([www.bpsc.gov.bd](http://www.bpsc.gov.bd)) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে ([http://bpsc.teletalk.com.bd](http://bpsc.teletalk.com.bd)) প্রকাশ করা হবে। প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রয়োজনে সংশোধনী আনার অধিকারও সংরক্ষণ করেছে কমিশন।

এদিকে, চিকিৎসকদের জন্য আয়োজিত এ বিশেষ বিসিএসে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন প্রার্থী।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। দেশের সরকারি হাসপাতালগুলোতে বিদ্যমান তীব্র চিকিৎসক-সংকট মোকাবিলায় এই নিয়োগ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চূড়ান্ত চাহিদাপত্র পাওয়ার পর দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে বিশেষ বিসিএসের আয়োজন করে কমিশন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। তাঁদের মধ্যে সহকারী সার্জন হিসেবে নিয়োগ পাবেন ৪ হাজার ৭০০ জন। অন্যদিকে, সহকারী ডেন্টাল সার্জন পদে নেওয়া হবে ৩০০ জনকে।