ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ–এর এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীল আচরণ, মানসিক হয়রানি, অননুমোদিত ভিডিও ধারণ এবং আপত্তিকর মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক বরুণ কুমার সাহার বিচারের দাবিতে ক্লাস বর্জন করে প্রতিবাদে নেমেছেন শিক্ষার্থীরা।
একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
রবিবার (১০ মে) শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজ প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন করেন।
তারা অধ্যক্ষের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত শিক্ষকের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অভিযোগের বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচিরও ইঙ্গিত দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক শ্রেণিকক্ষে ও বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও অশোভন আচরণ করে আসছিলেন। পাশাপাশি মানসিক চাপ সৃষ্টি, ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ এবং অনুমতি ছাড়া ভিডিও ধারণের মতো কর্মকাণ্ড শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের জন্ম দেয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর পুরো ক্যাম্পাসে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ডাকসু এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের মধ্যে অনৈতিক ও নীতিবিরুদ্ধ আচরণের স্থান নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্ঠানে সুস্পষ্ট আচরণবিধি ও জবাবদিহিমূলক নীতিমালা প্রণয়ন জরুরি।
ডাকসু আরও দাবি জানায়, যেকোনো ধরনের অভিযোগের ক্ষেত্রে গড়িমসি না করে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে এবং দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
এদিকে শিক্ষার্থীরা বলছেন, শিক্ষাঙ্গন নিরাপদ না হলে শিক্ষা কার্যক্রমের স্বাভাবিক পরিবেশও নষ্ট হবে। তাই তারা দ্রুত বিচার ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন।
ডাকসু আশা প্রকাশ করেছে, প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানটিতে একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!