জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা
জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা।   ছবি: আরটিএনএন

মায়ানমারে অবৈধভাবে সিমেন্ট পাচারের সময় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযানে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, তিনটি ফিশিং বোটসহ ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রবিবার (১৭ মে ২০২৬) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন। তিনি বলেন, গত শনিবার (১৬ মে) সেন্টমার্টিন-এর দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী, স্টেশন সেন্টমার্টিন এবং বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে দিনব্যাপী একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক তিনটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত তিনটি বোট জব্দ করা হয় এবং ৩৩ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, হাতিয়া ও সন্দ্বীপ-এর বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে তারা মায়ানমারের একটি নিষিদ্ধ গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সীমান্তপথে অবৈধ সরবরাহ ও চোরাচালান কার্যক্রমে জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও জোরদার করা হয়েছে।

জব্দ করা সিমেন্ট, ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। একই সঙ্গে দেশের সামুদ্রিক সীমান্ত এলাকায় পাচার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এদিকে অভিযানের বিষয়ে ব্রিফিং প্রদান করেন স্টেশন কমান্ডার শাহপরীর মুত্তাকীন সিদ্দিক।


শিমুল/এসএস