চক্রটি মূলত টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করত।
চক্রটি মূলত টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করত।   ছবি: আরটিএনএন

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীদের লক্ষ্য করে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র‌্যাব।

সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চক্রটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ও আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে আসছিল এবং সেগুলো অর্থের বিনিময়ে বিক্রি করত।

র‌্যাবের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় দেড় লাখ আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। চক্রটি মূলত টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করত। বিভিন্ন গোপন চ্যানেলের মাধ্যমে এসব কনটেন্ট গ্রাহকদের কাছে সরবরাহ করা হতো, যা একটি সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছিল।

তদন্তে জানা যায়, চক্রের সদস্যরা বিভিন্ন উপায়ে এসব ছবি ও ভিডিও সংগ্রহ করত। তারা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাকিং, ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ এবং ব্যক্তিগত শত্রুতার সুযোগ নিয়ে ভুক্তভোগীদের গোপন তথ্য হাতিয়ে নিত। পরে সেগুলো সংরক্ষণ করে অর্থের বিনিময়ে বিক্রি করা হতো।

র‌্যাব-৮ ভোলা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রটির পাঁচ সদস্য— মেরাজুর রহমান আরমান, বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন, আল আমিন ইসলাম এবং হাসিবকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, এ ধরনের সাইবার অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

শিমুল/এসএস