সুন্দরবনে দস্যু দমনে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’
সুন্দরবনে দস্যু দমনে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’।   ছবি: আরটিএনএন

সুন্দরবনে দস্যু দমনে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে (৩৫) অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের নির্মূলে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান একযোগে পরিচালিত হচ্ছে। এসব অভিযানের ধারাবাহিকতায় তৃতীয় দফায় পরিচালিত অভিযানে ছোট সুমন বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্যকে আটক করা হয়েছে, যা দস্যু দমনে বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে, ওই দস্যু বাগেরহাট জেলার রামপাল উপজেলার শুকদারা বাজার এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসবে। এমন তথ্যের ভিত্তিতে গত সোমবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে আটক ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত ২টার দিকে সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় আরও একটি অভিযান চালানো হয়। এ সময় ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান এবং ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয় বলে জানায় কোস্ট গার্ড।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আব্দুস সামাদ মোল্লা দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দস্যুতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং সুন্দরবন এলাকায় বিভিন্ন অপরাধ সংঘটনে সক্রিয় ভূমিকা পালন করত।

আটক ব্যক্তির বিরুদ্ধে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 শিমুল/এসএস