সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ
সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ   ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির সাজেক পর্যটনকেন্দ্রে যাতায়াতের প্রধান সড়ক সাজেক-দীঘিনালায় অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল থেকে এ কর্মসূচি শুরু হওয়ায় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাজেকে অবস্থানরত পর্যটকদের মধ্যে ভোগান্তি ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এ অবরোধের ডাক দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম উঁচাবাজারসহ কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও পিকেটিং করছেন অবরোধকারীরা। এর ফলে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালার দিকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে শনিবার বিকেলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমার সই করা এক বিজ্ঞপ্তিতে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নাম ব্যবহারকারী একটি সশস্ত্র গোষ্ঠী এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করছে। একই সঙ্গে সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগও তোলা হয়। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে সরকার দৃশ্যমান আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এদিকে সাজেক পর্যটনকেন্দ্রের লাইনম্যান ইয়াছিন আরাফাত জানান, শনিবার সরকারি নিরাপত্তা বহর বা স্কর্টের সঙ্গে ছোট-বড় গাড়ি ও মোটরসাইকেলসহ মোট ৯০টি যানবাহন সাজেকে প্রবেশ করেছে। এসব যানবাহনে প্রায় ৯০০ জনের বেশি পর্যটক সেখানে পৌঁছেছেন।

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, অবরোধের কারণে স্কর্ট চলাচলের নিয়মিত সূচিতে পরিবর্তন আসতে পারে। তাঁর ধারণা, দুপুর ২টায় একবার স্কর্ট পরিচালিত হতে পারে। এর মাধ্যমে সাজেকে অবস্থানরত পর্যটকদের ফিরিয়ে নেওয়া এবং নতুন পর্যটকদের প্রবেশের সুযোগ তৈরির আশা করছেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।