তেঁতুলিয়া নদীর ভাঙন পরিদর্শনে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
তেঁতুলিয়া নদীর ভাঙন পরিদর্শনে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি   ছবি : সংগৃহীত

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মঠবাড়িয়া এলাকায় তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।

সোমবার (৬ অক্টোবর) সকালে তিনি ভাঙনকবলিত এলাকায় পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং নদীভাঙনের কারণে সৃষ্ট দুর্ভোগ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এ সময় স্থানীয়রা তাদের বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কার কথা এমপির কাছে তুলে ধরেন।

পরে তিনি ট্রলারযোগে তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানগুলো ঘুরে দেখেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, ‘নদীভাঙন রোধে আমি পূর্বেও কাজ করেছি। তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে মানুষের বসতভিটা ও সম্পদ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।’

তিনি আরও বলেন, ‘নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’ নদীভাঙনকবলিত এলাকাগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধানের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা এস. ডি. আবদুল্লাহ শিবলী, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মো. নুরুল আলম, ধুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মুজিবুর রহমান, সেক্রেটারি মাওলানা আবু তাহেরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।