ছেলে হত্যার দেড় মাসের মাথায় বাবাকেও গুলি করে হত্যা
ছেলে হত্যার দেড় মাসের মাথায় বাবাকেও গুলি করে হত্যা।   ছবি: সংগৃহীত

খুলনার রূপসায় ছেলেকে হত্যার দেড় মাস না পেরোতেই বাবাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দূর্জনীমহল এলাকায় নিজ বাড়ির সামনে বেঞ্চে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।

মৃত ব্যক্তির নাম আক্তার ঢালী। স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তার পাশে একটি বেঞ্চে বসেছিলেন আক্তার ঢালী। হঠাৎ গুলির শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। বাইরে এসে তারা আক্তারকে বেঞ্চের পাশে পড়ে থাকতে দেখেন।

পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মী মুরাদ হোসেন জানান, আক্তার ঢালীর ডান পাশের কাঁধের গোড়ার দিকে গুলির আঘাত রয়েছে। শরীরে ছররা গুলির আঘাতও থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শর্টগান দিয়ে গুলি করা হয়ে থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, আক্তার ঢালীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে।

রূপসা থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এবং কি কারণে তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে গত ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে একই এলাকার শহীদের মোড়সংলগ্ন দূর্জনীমহলের সামনে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীর ওপর হামলা চালায় ৪ থেকে ৫ জনের একটি দল। হেলমেট পরা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

জয় হত্যার রহস্যের জট না খুলতেই এবার তার বাবা আক্তার ঢালীও একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হলেন। একই পরিবারের বাবা ও ছেলেকে অল্প সময়ের ব্যবধানে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে দেড় মাস আগে একই এলাকায় আক্তার ঢালীর ছেলে জয় ঢালী (২৭) হত্যার ঘটনার পর এবার বাবাকেও একইভাবে হত্যার ঘটনায় দুই হত্যাকাণ্ডের মধ্যে যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পুলিশ এখনো কোনো যোগসূত্রের বিষয়টি নিশ্চিত করেনি।