নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকচাপায় এক মাদরাসার মুহতামিম নিহত হয়েছেন। এ ঘটনায় তার পাঁচ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে নোয়াখালী-ফেনী ফোরলেন মহাসড়কের বেগমগঞ্জের চৌমুহনীর হলি কেয়ার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হযরত মাওলানা বেলাল হোছাইন ফতেহপুরী (৫৫) জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার মুহতামিম ছিলেন। গুরুতর আহত তার মেয়ে তালবিয়া মুসতারি (৫)। এ সময় তাদের সঙ্গে থাকা স্ত্রী তামান্না রহমান (৪০) ও অপর মেয়ে তাসপিয়া সুলতানা (১২) অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান।
পরিবারের সদস্য, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বাড়ি থেকে অসুস্থ দুই মেয়ে ও স্ত্রীকে চিকিৎসকের কাছে নিতে চৌমুহনীর হলি কেয়ার হাসপাতালে যান বেলাল হোছাইন। বেলা ১২টার দিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বের হয়ে মেয়ে তালবিয়াকে কোলে নিয়ে সড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় পেছনে আরেক মেয়েকে নিয়ে আসছিলেন তার স্ত্রী।
এ সময় ফেনী থেকে চৌমুহনীগামী দ্রুতগতির একটি ট্রাক বেলাল হোছাইন ও তার মেয়েকে চাপা দেয়। এতে বাবা-মেয়ে ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই বেলাল হোছাইনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তালবিয়াকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। খবর পেয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. সবুজ মিয়া বলেন, হাসপাতালে ডাক্তার দেখিয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক বাবা ও মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেলাল হোছাইনের মৃত্যু হয় এবং তার মেয়ে গুরুতর আহত হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!