হাসপাতালে রোগীদের ভোগান্তি ও অবহেলা গ্রহণযোগ্য নয়: শফিকুল ইসলাম মাসুদ
হাসপাতালে রোগীদের ভোগান্তি ও অবহেলা গ্রহণযোগ্য নয়: শফিকুল ইসলাম মাসুদ ।   ছবি: আরটিএনএন

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা কোনো রোগী যেন ভোগান্তির শিকার না হন এবং চিকিৎসা ছাড়া কাউকে ফিরে যেতে না হয়—এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি ও অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

শনিবার (১৬ মে) দুপুরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সিএইচসিপিদের (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা প্রত্যাশী নাগরিকদের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিসেবে মূল্যায়নের আর সুযোগ নেই। প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হাসপাতাল কিংবা কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে আসা কোনো অসুস্থ মানুষ যেন অবহেলা বা সেবাবঞ্চনার শিকার না হন। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল, আন্তরিক ও মানবিক হতে হবে।

বিনামূল্যে সরকারি ওষুধ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারের বিনামূল্যে দেওয়া ওষুধ সঠিকভাবে পাওয়া মানুষের অধিকার। এই ওষুধ নিয়ে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। জনগণের প্রাপ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে শফিকুল ইসলাম মাসুদ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মকর্তা ও সিএইচসিপিরা।