এক্সপ্রেসওয়েতে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
এক্সপ্রেসওয়েতে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের ।   ছবি: আরটিএনএন

ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে বিকল হওয়া ট্রাকের চাকা মেরামতের সময় দ্রুতগতির বাসের চাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ বিদায়ের প্রস্তুতি হিসেবে পাশাপাশি দুটি কবর খোঁড়া হচ্ছে নিহত বাবা-ছেলের জন্য।

শনিবার (১৬ মে) ভোরে ফরিদপুরের ভাঙা এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া খানপাড়ার ইউসুফ আলী (৪৫) ও তার ছেলে ইয়াকুব (২৫)। ইউসুফ আলী মৃত ইউনুস ড্রাইভারের ছেলে। বাবা-ছেলে দুজনই রূপদিয়া এলাকার একটি মালিকানাধীন ঢাকা মেট্রো ট-১৩-৬৪০২ নম্বরের ট্রাকের চালক ও হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে ভাঙাগামী মালবাহী ট্রাকটি ভোররাতে বগাইল টোলপ্লাজা এলাকায় পৌঁছালে পেছনের একটি চাকা বিকল হয়ে যায়। পরে সড়কের পাশে ট্রাক থামিয়ে বাবা-ছেলে মিলে চাকা মেরামতের কাজ শুরু করেন।

এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির বাস তাদের চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার বিষয়টি শিবচর হাইওয়ে থানা পুলিশ তদন্ত করছে।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত করে চালক ও তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।