হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের   ছবি: সংগৃহীত

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে আব্দুল কাইয়ুম তার ছেলে জাকির হোসেনকে নিয়ে মোটরসাইকেলযোগে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে বাবা-ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।