বারইয়ারহাটে বাসচাপায় ফেনীর এক নারীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় নিহত আজমা বেগম।   ছবি: আরটিএনএন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজার এলাকায় বাসচাপায় আজমা বেগম সিরাজী নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের বিএম হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজমা বেগম ফেনী পৌর সদরের দক্ষিণ চাড়ীপুর এলাকার ইফতেখার আহমদের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন বাসায় ওঠার পর বুধবার রাতে পুরোনো বাসার প্রতিবেশীদের সঙ্গে দেখা করে ফেরার পথে বিএম হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির শান্তি পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।