এক সঙ্গে চার সন্তানের জন্ম, এনআইসিইউ, চতুর্গজ, কুয়াডরাপ্লেটস, জমজ, চার সন্তান,
এক সঙ্গে জন্ম নেয়া চার সন্তান।   ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে এক গৃহবধূ চার শিশুর জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে একজন পুত্র এবং তিনজন কন্যা সন্তান। বর্তমানে মা ও চার নবজাতকই সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। 

বুধবার (১৩ মে) কুমুদিনী হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে টাঙাইলের বাসাইল উপজেলার কাশীল গ্রামের কাশেম মিয়ার ছেলে হায়দার আলীর স্ত্রী বিথি বেগম প্রসব বেদনা নিয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হয়। প্রথমে স্বাভাবিক প্রসবের চেষ্টা ব্যর্থ হলে মঙ্গলবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে সফল সিজার (অস্ত্রপচার) করে বিথি বেগম চার সন্তানের জন্ম দেন।

চার নবজাতকের মধ্যে তিন জন মেয়ে ও এক জন ছেলে। বর্তমানে মা সুস্থ থাকলেও নিরাপত্তার খাতিরে এবং নবজাতকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে তাদের হাসপাতালের এনআইসিইউ-তে (নবজাতক নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক অনিমেষ ভৌমিক লিটন জানান, মা ও চার নবজাকই এখন পর্যন্ত আশঙ্কামুক্ত। নবজাতকদের সুস্থ রাখার জন্য হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এক সঙ্গে চার সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা হাসপাতাল চত্বরে ভিড় করেন।