চাঁদপুরে জুয়ার আসর সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৭, জুয়া, জুয়া খেলা, জুয়ার আসর, ইউপি সদস্য আটক, সাবেক উপজেলা চেয়ারম্যান আটক, আওয়ামী লীগ, নেতা আটক,
চাঁদপুরে জুয়ার আসর সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৭।   ছবি: আরটিএনএন

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী আমতলী এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি জুয়ার আসর থেকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, বর্তমান ইউপি সদস্যসহ সাতজনকে আটক করা হয়েছে।

রবিবার (১০ মে) রাতে চরভৈরবী ৩ নম্বর ওয়ার্ডের হাদিস আলী হাওলাদারের একটি ডুপ্লেক্স ভবনে অভিযান চালায় ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ভবনের নিচতলার একটি কক্ষে চলমান জুয়ার আসরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবির এসআই মনির হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামসহ সাতজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় সোমবার (১১ মে) হাইমচর থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম কবির (৫০), চরভৈরবী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য পারভেজ হাওলাদার (৪৮), সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুরুল হক ওরফে নাঈম সরকার (৫১), সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন (৫১), বিএনপি ও অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট মাহবুব সরদার (৫৫), বাদল মুন্সী (৫৪) ও খোকন (৫৮)।

স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দ্বন্দ্ব থাকলেও এই জুয়ার আসরে উভয় পক্ষের নেতাদের নিয়মিত উপস্থিতি ছিল। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে চরভৈরবী ও আমতলী এলাকায় একটি প্রভাবশালী চক্র নানা অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রবীণ ব্যক্তি বলেন, যারা দিনে সমাজের সামনে আদর্শের কথা বলেন ও বিচার-সালিশ করেন, রাতের বেলায় তাদেরই জুয়ার আসরে দেখা যায়। বিষয়টি এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এতদিন কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাদক, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে জেলায় অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে স্থানীয়দের প্রত্যাশা, রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং এর সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।