মা দিবসে ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মা, কিডনি, মা দিবস, ছেলে, ছেলেকে কিডনি দিলেন মা,
মা দিবসে ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মা।   ছবি: সংগৃহীত

বিশ্ব মা দিবসে সন্তানের জীবন বাঁচাতে আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শরীয়তপুরের জাজিরা পৌরসভার উত্তর বাইকশা এলাকার গৃহবধূ নাসিমা সুলতানা। ছেলের দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় নিজের একটি কিডনি দান করছেন তিনি।

রবিবার (১০ মে) ঢাকায় তার ছেলে নাসিম জাহান আকাশের কিডনি প্রতিস্থাপন অপারেশন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এদিন মা ও ছেলেকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। দেশের খ্যাতিমান কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন ও ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম অপারেশনটি পরিচালনা করছেন।

জানা গেছে, নাসিমা সুলতানা একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্বামী শাহজান মিয়ার মৃত্যুর পর ছেলে আকাশ ও মেয়ে বৃষ্টি আক্তারকে নিয়েই তার সংসার। কয়েক মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আকাশ। পরে পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকরা জানান, তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে। এরপর থেকেই সন্তানের চিকিৎসা নিয়ে উদ্বেগে ছিলেন মা। একপর্যায়ে ছেলের জীবন বাঁচাতে নিজের কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

স্থানীয়দের মতে, একজন মায়ের ভালোবাসা ও আত্মত্যাগের বিরল উদাহরণ সৃষ্টি করেছেন নাসিমা সুলতানা। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরাও তার এই মানবিক সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

আকাশের বড় বোন বৃষ্টি আক্তার পরিবারের জন্য সবার দোয়া কামনা করেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাজধানীর একটি হাসপাতালে মা ও ছেলের কিডনি প্রতিস্থাপনের অপারেশন চলছে।