আরাকান আর্মিকর্তৃক আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনল বিজিবি, আরকান আর্মি, বিজিবি, জেলে উদ্ধার,
আরাকান আর্মিকর্তৃক আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনল বিজিবি।   ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ মে) দুপুরে নাফ নদীর শূন্যরেখা দিয়ে তাদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে বিজিবি। ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক এবং একজন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন) রয়েছেন।

বিজিবি সূত্র জানায়, ২০২৫-২০২৬ সালের বিভিন্ন সময়ে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি তাদের আটক করে। পরে তাদের দেশটির বিভিন্ন ক্যাম্পে রাখা হয়।

আটক জেলেদের মুক্ত করে দেশে ফেরাতে বিজিবির কক্সবাজার রিজিয়ন মানবিক দিক বিবেচনায় নিয়ে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখে। দীর্ঘ আলোচনা শেষে শনিবার তাদের ফেরত আনার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে আন্তরিক প্রচেষ্টার ফলেই এই উদ্ধার অভিযান সফল হয়েছে।

তিনি জানান, দেশে ফেরত আসা জেলেদের পরিচয় যাচাই শেষে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ছাড়া এখনও যেসব জেলে আরাকান আর্মির কাছে আটক রয়েছেন, তাদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে আলোচনা ও তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।