কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু।   ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজের রাইফেলের গুলিতে মো. নাসিম উদ্দীন বিজিবি এক সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের গংগাহাট সীমান্তে এ ঘটনা ঘটে। 
নিহত বিজিবি সদস্যের সিপাহী নং- ১১৪৬০৪। মো. নাসিম উদ্দিন ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করেন ।

বিজিবি ও থানা জানায়  মারা যাওয়ার সময় তিনি গংগাহাট বর্ডার আউট পোস্টে  টহলরত ছিলেন।   রাত পৌনে ১ টায় বিওপির সৈনিক লাইনের পিছনে এমটি গ্যারেজের পাশে গুলির শব্দ পাওয়া যায়। ধারনা করা হচ্ছে তিনি ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের সীমানার ভেতরে গিয়ে নিজের বুকে নিজেই গুলি চালান। গুলির শব্দে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক  নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার সকাল সাড়ে দশটায় ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়। পুলিশ ও বিজিবি ধারণা করছে নাসিম উদ্দিন নিজ রাইফেলের গুলিতে ‘আত্মহত্যা’ করে থাকতে পারেন ।

ফুলবাড়ী থানার ওসি ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম বলেন, ‘বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে-ওই সিপাহী নিজ সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ছোটবেলায় নাসিমের মা মারা যান এরপর তিনি চাচার কাছে বড় হন। তার বাবা চারটি বিয়ে করেছেন এবং দুই মাস আগে আরও একটি বিয়ে করেন। পারিবারিক এসব বিষয় নিয়ে তিনি মানসিকভাবে বিষণ্নতা ভুগছিলেন। পাঁচ দিন আগে তিনি জরুরি ছুটিতে গিয়েছিলেন এবং দুই দিন আগে কাজে যোগ দেন। তিনি আরো বলেন তবে আমরা ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। আমাদের নিজস্ব তদন্ত চলমান রয়েছে এবং পুলিশও তাদের নিয়ম অনুযায়ী তদন্ত করছে।

এমআর/আরটিএনএন