উন্নয়নে বৈষম্য ও গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার
উন্নয়নে বৈষম্য ও গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার।   ছবি: আরটিএনএন

সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে এবং উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পারোয়ার।

শনিবার (৯ মে) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পারোয়ার বলেন, সরকার গণভোটের রায় নিয়ে যেমন প্রতারণা করছে, তেমনি উন্নয়নের ক্ষেত্রেও ব্যাপক বৈষম্য করছে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে জনমত দমিয়ে রাখার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, প্রবাদে বলা হয়, যে যায় লঙ্কায়, সে হয় রাবণ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তা বাস্তব হয়ে উঠেছে। তার দাবি, বিএনপি ক্ষমতায় গিয়ে সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং ৭০ শতাংশ জনমত উপেক্ষা করে প্রতারণা করছে।

তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটের রায় মানা হচ্ছে না, যা জনমতের সঙ্গে প্রতারণা।

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমে আঞ্চলিকতা ও দলীয় বিবেচনা প্রাধান্য পাচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। তার মতে, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে উন্নয়ন হওয়া উচিত।

তিনি আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করা অত্যন্ত যৌক্তিক। এটি উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গণমাধ্যম প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সরকারের সমালোচনাকারী সাংবাদিকদের চাকরিচ্যুত ও হেনস্তা করা হচ্ছে।

এর আগে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে সফর করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ও সহ-সভাপতি গোলাম রব্বানী।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতারা। পরে তারা পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন।