ব্রাহ্মণবাড়িয়ার বিএসএফের গুলিতে নিহত বেড়ে ২
ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে নিহত বেড়ে ২।   ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ মে)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির ভাষ্যমতে, শুক্রবার (৮ মে) রাত ১১টার দিকে কসবা উপজেলার ধজনগর-পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় প্রায় ১৫ জন বাংলাদেশি ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন।

পরে ভারত থেকে চোরাচালানের মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহল দল তাদের বাধা দেয়। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে বাংলাদেশিদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।

একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুই রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে মো. মুরসালিন (২০) ও অপর একজন আহত হন। পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে বিএসএফ বিজিবিকে নিশ্চিত করেছে।

নিহত মুরসালিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হেবজু মিয়া।

বিজিবি জানিয়েছে, নিহত দুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদলিপি (প্রটেস্ট নোট) পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিহত দুজন আগে থেকে চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।